সমাজদ্রোহী এবং যুগের আলোয় মুসলিম সাহিত্য সমাজ
মোহাম্মদ শামছুজ্জামান
একবার কোন জাতি পরাজিত হলে শৃঙ্খল ভাঙ্গতে কয়েক’শ বছর লাগে। পাকিস্তান উপনিবেশ থেকে মুক্ত হওয়া আর ব্রিটিশ থেকে মুক্তি এক পাল্লায় মাপা যায় না। বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি মুসলমানের চিন্তার ক্ষেত্র, বুদ্ধিগত সীমাবদ্ধতা ও অনাগ্রসরমানতা জানতে হবে। যেমন হঠাৎ করেই ভারত ভাগ হয়নি; একটি গোষ্ঠীর রক্তের বিনিময়ে বর্তমান ভারত অর্জন। পাকিস্তান অর্জন কিন্তু তা নয়, তবে বাংলাদেশ একসাগর রক্তের বিনিময়ে অর্জিত।
ব্রিটিশদের হাতে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার প্রাক্কালে ভারতে ইসলামিক মৌলবাদপুষ্ট মোগল শাসনের উত্তরাধিকার জারী ছিল এবং নাগরিকদের প্রতি অসাম্য আচরণ ও বিধি-ব্যবস্থায় ভারতীয় বৃহৎ অমুসলিম জনগোষ্ঠীর বিক্ষুব্ধতা অন্যতম লক্ষণীয়। তেমনি বাংলার শাসন ব্যবস্থায়ও অবাঙালি মুসলিম শাসকদের জনবিচ্ছিন্নতা শুরুতে ইংরেজদের শাসকপদে আগমনের পথ মসৃণ করে। ফলে ইউরোপের চতুর গোষ্ঠীর হাতে ভারত ১৯০ বছর বাঁধা পড়ে যায়। এ দ্বি’শত বছরের বৃটিশ রাহুমুক্তিতে ভারতের মুসলমানের সংঘবদ্ধ কোন অবদান নেই। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের পুরোধা হিন্দু সম্প্রদায়, বিশেষকরে হিন্দু বাঙালিদের অসামান্য অবদান প্রণিধানযোগ্য। সে’সময় ভারতের মুসলমানরা ব্রিটিশ প্রভুদের ক্রীড়ানক হিসেবে আবেদন-নিবেদনে সময় পার করে। আলীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুসলিম বৌদ্ধিকগণ সাম্প্রদায়িক চেতনার উদ্বুদ্ধতায় ভিক্ষার থলিতে ব্রিটিশদের থেকে পাকিস্তান আদায় করেন।
অর্থাৎ পাকিস্তান অর্জনে ভারত অর্জনের হিন্দু জনসাধারণের মতো সশস্ত্র আন্দোলনের প্রয়োজন হয়নি। ভারতের অবাঙালি সামন্তদের দেনদরবারে সহজেই পাকিস্তান অর্জিত হয়। ফলে সামন্তশ্রেণীর শাসকরা নিজ কৃতিত্বের দাবীদার স্বরূপ সেনাবাহিনীর সহয়তায় ক্ষমতা আঁকড়ে থাকার প্রয়াস পায়। তারা শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের উন্নয়নে মত্ত থেকে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমান জনগোষ্ঠীকে অপশাসন ও শোষণের পীড়নে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। মাত্র ২৪ বছরে কীভাবে বাংলার সংখ্যাগুরু মুসলমানরা এমন সশস্ত্র আন্দোলনে গেল! এটাই পূর্ববঙ্গের মুসলমানের চেতনা সমৃদ্ধ বিশিষ্ট মানসপট, যা বাকী ভারতের মুসলমানের মানসপট থেকে সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তানের মুসলমানরা বৌদ্ধিক চেতনায় পূর্ব পাকিস্তানের মুসলমানের চেয়ে যোজন যোজন দূরত্বে পিছিয়ে ছিল। তাই ১৯৪৭ সালের পর চেতনাসমৃদ্ধ সম্প্রদায়রূপে অগ্রগামী বাঙালিদের হাতে পাকিস্তানের মৌলিক ও প্রধানতম বিষয়ের অধিকার প্রতিষ্ঠা পাওয়া উচিত ছিল। এটাই সভ্য ও আলোকিত সমাজের রীতি।
বাঙালিদের মাঝে বুদ্ধিবৃত্তিক জাগরণের প্রধান বৈশিষ্ট্য গড়ে ওঠে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং সেখানকার ও ঢাকার কিছু টাওয়ারিং জিনিয়াসের সম্মিলনের ফসল রূপে। যাঁদের হাতে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রতিষ্ঠা এবং প্রায় বারবছর যাবত বাঙালি মুসলমান বাংলাভাষার দাবীসহ স্বাধীকার চেতনা সমৃদ্ধ হতে থাকে। এরূপ অভূতপূর্ব ঘটনা পশ্চিম পাকিস্তানের লাহোরে অবস্থিত ১৮৮২ সালে প্রতিষ্ঠিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। শুধু কী ঢাকা বিশ্ববিদ্যালয়ই মূল অনুঘটক! আরো পিছনে তাকানো আবশ্যক।
তারও এক’শ বছর আগে নিকটবর্তী ভারতের রাজধানী কলিকাতায় প্রেসিডেন্সি কলেজ, পরে কলিকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘটে যাওয়া রেনেসাঁস মূল চালিকা শক্তি বলে বিবেচিত। সেই উনিশ শতকের রেনেসাঁ নামে অভিহিত সংঘটনকে গোটা ভারতীয় সমাজের অচলায়তন ভাঙার প্রধানতম পদক্ষেপ। যেটাকে আরেকটি অভিধায় ডাকা হয় ইয়ংবেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও। স্বল্পায়ু যুগপুরুষ হেনরী ডিরোজিও, জন্ম ১৮ এপ্রিল ১৮০৯ ও মৃত্যু ২৬ ডিসেম্বর ১৮৩১ সন এবং তাঁর অনুসারী ইয়ংবেঙ্গল কর্তৃক সামাজিক আন্দোলন প্রণিধানযোগ্য। এটা ঘটে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ খ্যাত ’শিখাগোষ্ঠী’র আবির্ভাবের শতবর্ষ আগে।
ভারতীয় সমাজের গভীরতা, ব্যাপকতা ও জটিলতার বিন্যাসে ভিন্নমত গ্রহণযোগ্যতার ধরণ এবং বিকশিত হওয়ার পূর্বশর্ত সমাজে বিরাজমান থাকায় উনিশ শতকের রেনেসাঁস শিক্ষিত হিন্দু জনগোষ্ঠীতে মহীরূহ রূপে আবির্ভাব হয়। আরো কয়েকজন সমসাময়িক স্বনামধন্য ভারতীয় আইকনের সম্মিলনে ও সমমানের চিন্তাচর্চায় এ জাগরণ বাঙলায় সীমাবদ্ধ না থেকে সীমান্ত অতিক্রমে বৃহত্তর ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেটা ঘটে কলিকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধীমান পড়ুয়াদের হাত ধরে। সুতরাং যখন পাকিস্তান সৃষ্টি হয়েই যায়, তখন পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের শিক্ষিত শ্রেণী সদ্য সমাপ্ত বাঙালি মুসলিম বৌদ্ধিক জাগরণের ধারায় সিক্ত এবং চিন্তা-চর্চ্চায় অগ্রগামী। কেননা ভারত বিভাজনের আগেই উনিশ শতকের রেনেসাঁস পুষ্ট নিকটবর্তী বাঙালিরা স্বাধীকারের চেতনায় উন্নত গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থার বিরাজমান উদাহরণ ছিল। সেই অবস্থায় এক ব্রিটিশ উপনিবেশ থেকে অন্য এক পাকিস্তানের অমানবিক ও স্বৈরাচারী উপনিবেশ মেনে নেয়ার চেতনাসম অবস্থায় বাঙালি মুসলমান ছিল না। এমন মনস্তত্ত্বের পিছনে অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর উন্মেষ এবং তাদের বহুমুখী চিন্তা-চর্চ্চার প্রক্রিয়ায় জনমানসে পাকিস্তানীদের ঘৃণ্য আচরণ হজম করা অসম্ভব ছিল।
মুসলিম সাহিত্য সমাজ বিশেষজ্ঞ ও বর্তমান সময়ের চিন্তক অশীতিপর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মহোদয় তাঁর বাসায় এক সাক্ষাৎকারে মতামতে বলেন যে, ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধে কাজী অবদুল ওদুদের উগ্রতা প্রকাশ পেয়েছে। আবুল হুসেন সম্পর্কে মতামতে বলেন, তিনি জেদি স্বভাবের লোক, সত্যনিষ্ঠা অপরিসীম, মনে করতেন জাতীয় জীবনের উন্নতির জন্য কাজ করতে হলে অবশ্যই প্রতিক্রিয়াশীল শক্তির মোকাবিলা করতে হবে। ভয়ে পিছিয়ে গেলে হবে না। চিন্তা-চর্চার চাইতে সংগঠনিক কর্মকাণ্ডের গুরুত্ব একটুও কম নয়, বরং বেশি। ব্যক্তিগত জীবনে তাঁর আত্মত্যাগের অনেক দৃষ্টান্ত আছে।
এমনতর প্রেক্ষাপট তৈরীর পিছনের কারিগর প্রধানতম কাজী আনোয়ারুল কাদির, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ এবং কাজী মোতাহার হোসেন বিগত শতকের ত্রিশ ও চল্লিশ দশকে ঢাকার বুকে কাজের সুবাদে হাজির হন। এদের সাথে আরো অনেক বুদ্ধিবাদী কর্মী ছিলেন। তবে মূলতঃ এ চতুষ্ক ব্যক্তির সম্মিলনে এক যুগান্তকারী মুসলিম জাগরণ সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তারা কেউ ঢাকার বাসিন্দা ছিলেন না, পৈতৃকগৃহ যথাক্রমে খুলনা, যশোর, রাজবাড়ি ও কুষ্টিয়া এবং প্রথম তিনজন কলিকাতায় পড়াশোনা করা শিক্ষিতজন। ফলে সদ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাওয়া ঢাকার বুকে প্রতিক্রিয়াশীলদের মোকাবিলায় তাঁরা সত্যিই অসহায় ছিলেন। তাঁরা তদানিন্তন ঢাকার মুসলিম সমাজে দ্রোহী হিসেবে চিহ্নিত হন। এখানে গুরুত্ব অনুসারে মুসলিম সাহিত্য সমাজ সংশ্লিষ্টদের তথাকথিত সমাজদ্রোহিতা নিয়ে নিচে আলোচনা করা যায়।
জীবনের পরিপক্কতায় আবুল হুসেনের ধর্ম ভাবনায় ভিন্নতা আসে, হয়তো সংস্কারের মেধাবী বিশ্লেষণে দুনিয়াব্যাপী চলে আসা এটাই প্রায়োগিক রীতি। হুসেনের ছাত্রাবস্থার ডায়েরি অনুসারে তিনি একসময়ে নামাজের জামাতে ইমামতি পর্যন্ত করেছেন। পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষায় হুসেন কুসংস্কারমুক্ত ধর্মচর্চ্চা করতেন। এমনকি মাদ্রাসা শিক্ষায় উচ্চশিক্ষিত পিতা মৌলভী মুছারও ইসলাম ধর্মের অনালোচিত অথচ গুরুত্বপূর্ণ ‘ইজতিহাদ’এর পক্ষে সায় ছিল। হুসেনের বিভিন্ন আলোচনায় ও ভাবনায় উঠে আসে নিজ ধর্ম ইসলামের গতিশীল বিশেষত্ব ও স্বরূপ উন্মোচন, যা মৌলিকতা ধারণ করে। এখন প্রশ্ন উঠতে পারে, ইজতিহাদ বলতে কি বুঝায়? সংক্ষিপ্তভাবে বলা যায়, আবুল হুসেনের মতে, আল-কুরআন প্রকৃতির দান এবং মানুষের যুগকাল নিরপেক্ষ দিশারী। আল্লাহ্ তায়ালা মানুষকে তার সমস্যা সমাধানে একদিকে যেমন আল-কুরআনের উপর নির্ভরশীল হতে বলেছেন, অন্যদিকে তেমনি তাকে বুদ্ধির ব্যবহার করতেও বারবার নির্দেশ দিয়েছেন। আল-কুরআনের জ্ঞানের সাথে বুদ্ধির ব্যবহার দ্বারা সমস্যার সমাধান করবার পদ্ধতির নামই ইজতিহাদ।
আবুল হুসেন তাঁর স্থানীয় মেন্টর জাস্টিস সৈয়দ আমীর আলীর মতো মনে করতেন, হযরত মোহাম্মদ (সাঃ) যুক্তিবাদী বলেই ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে ব্যক্তিগত বিচার-বিবেচনা, অর্থাৎ ’ইজতিহাদের’র পক্ষপাতি ছিলেন। নবম শতাব্দীর ইসলামের জ্ঞানবিজ্ঞানের জাগরণের মূল কারিগর ‘মোতাজিলাপন্থী’রাও ইজতিহাদের পথ অনুসরণ করে। তাই আমীর আলীও তাঁর বিখ্যাত ‘দ্য স্পিরিট অব ইসলাম’ গ্রন্থে মোতাজিলাবাদকে সমর্থন জানান এবং ধর্মীয় আচার-আচরণ ও বিধিনিষেধের পুনর্বিবেচনা কামনা করেন।
একাডেমিকভাবে কোরআনকে অনেক বৈশিষ্ট্যে ভাগ ও রূপায়ন করা যাবে। তবে হুসেনের মতে কোরআনে প্রধানতঃ দুটো বিষয় আছে; এক. একেবারেই মৌলিক কথা বা বাণী, এবং দুই. সময়োপযোগী করণীয়, বা আদেশ-নির্দেশ। তিনি প্রথমটাই জীবনে আঁকড়ে ধরেছেন, বা অন্যদেরও অনুসরণযোগ্য মতামত দেন। দ্বিতীয় অংশকে সময়ের সাথে ভৌগলিক ভিত্তিতে যুক্তি-তর্কের আলোকে সমন্বয় পূর্বক গ্রহণে মতামত দেন, যেটাকে ইজতিহাদ বলে। বাস্তবিকই আদিপর্বে ইসলাম দেশে দেশে ছড়িয়ে পড়াতে দ্বিতীয় অংশের ওপর ব্যাখ্যার ভিন্নতায় হাজার হাজার হাদিস প্রচলন হয়। যেগুলো নিয়ে মতান্তর, বিরোধ, বাহাসের শেষ নেই। অর্থাৎ কোরআন-এর মৌলিক সারবত্তা গ্রহণের মাধ্যমে ইসলাম জারী রেখে ‘চিন্তা-চর্চ্চা’র মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে তিনি জ্ঞানসমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখেন। এটা ঘটেছিল নবম শতাব্দীতে পারস্যে বাগদাদের খলিফা হারুণ-উর-রশিদের এবং আল-মামুনের সময়। এসব উদারপন্থী শাসকরা ইসলামের মৌলিক বিষয়কে সামনে এনে চিন্তাচর্চা করেন। ফলও হাতেনাতে পেয়ে যান। ইসলামের জ্ঞানবিজ্ঞানের স্বর্ণযুগ মানে নবম শতাব্দীর মহাকালকে বুঝায়। বিষয়টি ধীমান আবুল হুসেন বুঝেন প্রজ্ঞা দিয়ে। বুঝেন ইউরোপের জ্ঞানবিজ্ঞানের সূতিকাগার ইসলামের নবম শতাব্দীর হাত ধরে। আবার নবম শতাব্দীর জাগরণেও গ্রীক সভ্যাতার দেয়া-নেয়া ছিল। বাস্তবতায় চার্চের স্কলাস্টিজমও মোতাজিলারা গ্রহণ করে সামনে পা ফেলেছিল।
অর্থাৎ জ্ঞানবিজ্ঞানের অগ্রযাত্রায় পিছন সংযোগ যেকোন সভ্যতা, বা ধর্মজাত উৎকৃষ্ট সভ্যতার কার্যকরণ অবশ্যম্ভাবী অনুঘটক। অর্থাৎ দেয়া-নেয়ার প্রক্রিয়ায় দুনিয়ার যেকোন কল্যাণমুখী দর্শন বা মতবাদ গ্রহণে পরাক্সমুখ হলে চলে না। কিন্তু প্রচলিত ইসলামী চিন্তাবিদরা কোরআনের মৌলিকাংশ নিয়েই ক্ষান্ত হয় না, তারা সমস্ত অংশের ব্যাখ্যা খোঁজে পুরোনো কালের নিরিখে, বা শুধুমাত্র প্রচলিত হাদিসের মাঝে সীমাবদ্ধ থাকে। অন্যদের মানবিক দর্শনে অনীহা এবং নিজেদের বিষয়ে আত্মশ্লাঘায় ভোগে। সমস্যাটা এখানেই, আবুল হুসেনের ভাবনার প্রসারতা গ্রহণের মেধামনন এ সমাজে অনুপস্থিত। ফলে ‘তরুণের সাধনা’, ‘নিষেধের বিড়ম্বনা’ ও ‘আদেশের নিগ্রহ’ নামক প্রবন্ধ লিখে ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের কাছে আবুল হুসেন ’সমাজদ্রোহী’ রূপে চিহ্নিত হয়ে কয়েকবার বিচারের সম্মুখীন হন।
১৯২৭ সালের জুলাই মাসে ‘মুসলিম সাহিত্য সমাজ’এর সাধারণ সভায় পঠিত প্রবন্ধ ‘আদেশের নিগ্রহ’তে আবুল হুসেন যেন আগুনমুখো হলেন, ‘মানুষ মাত্রেরই একটা না একটা ধর্ম-বিশ্বাস আছে;…ভয়, দুর্বলতা ও অজ্ঞতা, এই তিনটি মনোভাব এই ধর্ম-বিশ্বাসের জননী।…এক কথায়, যে জাতি যত আদিম প্রকৃতি বিশিষ্ট সে জাতি তত অনুষ্ঠান প্রিয়। এই অনুষ্ঠান অর্থে আমি ধর্মানুষ্ঠান মনে করছি।…নামাজ পড়লেই সাত-খুন মাফ। কু-কর্মের চূড়ান্ত কর কিন্তু মসজিদে এসে মাথা ঠুকে যাও, তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। কি চমৎকার ধর্ম!…মুসলমান নামধেয় মানুষগুলির মধ্যে শতকরা ৯০ জন ঠিক ইসলামের উদ্দেশ্য-সম্মত বিধিনিষেধ মেনে চলছে না অর্থাৎ চলতে পারছে না, তখন কি করে বলি- ইসলাম সনাতন, উহা চিরকাল সর্বত্র সর্বাবস্থায় প্রযোজ্য?….মোদ্দা কথা, ইসলামের বিধিনিষেধ পালন করতে গিয়ে মুসলমান আজ কতকগুলি ভণ্ড, প্রাণহীন, গর্হিতরূচি, বুদ্ধি-বিবেকহীন জীবে পরিণত হয়েছে।’
কাজী আবদুল ওদুদের চিন্তায় ভিন্নতা দাবী রাখে। সমাজ সংস্কারের মূলসুর এক হলেও চিন্তাচর্চ্চায় ওদুদ কিছুটা ভিন্ন পথের, বা দর্শনযোগের ব্যাখ্যায় উচ্চমার্গীয় তাত্ত্বিক ঘরাণার। ফলে ওদুদের ক্ষেত্রের প্রকাশভঙ্গী নমনীয় ও বুদ্ধিগত। ওদুদও আস্তিক। তবে গ্রহণের ক্ষেত্রে হুসেনের মতো ধর্মের মৌলিক বিষয়ের অন্যতম বিশেষকরে মানবপ্রেম, তা গ্রহণের আর্জি ফুটিয়ে তোলেন। তিনি সারাজীবন বিশ্বের ভাবযোগী মুহম্মদ, গৌতম, কবীর, গ্যেটে, রবীন্দ্রনাথ প্রমুখের মাঝে জীবন প্রেমের ভাবসম্পদ খুঁজে বেড়িয়েছেন। অনেক ক্ষেত্রে আধ্যত্মিক হৃদয়ের সন্ধান করেছেন। কোরআন অথবা মুহাম্মদ যে কোন বিষয়ে ওদুদ প্রেমের ভাবসম্পদে মজেছেন। মুহাম্মদের মাঝে বিশ্বপ্রেম খুঁজেছেন। তিনি অনুযোগের সুরে বলেছেন, মুহাম্মদের দুটো দিক আছে; এক. মানবপ্রেমের ফল্গুধারা, দুই. অস্ত্রধারণের কাঠিন্য। আমরা শুধু দ্বিতীয়টাই মুহাম্মদের মাঝে খুঁজি। অথচ প্রথমটিই মুহাম্মদের মৌলিক সত্ত্বা, যাতে পৃথিবীর মানুষের হৃদয় জয় করে ইসলাম কায়েম হয়। দ্বিতীয় অস্ত্রধারণ বিষয়টি সময়ের প্রয়োজনে, যুগের দাবীতে সম্পাদিত।
১৯২৫ সালে এমনিতর প্রবন্ধ ‘সম্মোহিত মুসলমান’-এ ওদুদ নিজ সম্প্রদায়কে তাদের চিন্তাচেতনা, কুসংস্কার ও পশ্চাতপদতার জন্য ভর্ৎসনা করেন। যাতে অনেকখানি উষ্মা ও উগ্রতা প্রকাশ পায়। এ প্রবন্ধের জন্য ঢাকার প্রতিক্রিয়াশীলরা ফুঁসে ওঠে, জমিদার কাজেমউদ্দীনের কাচারিতে হুসেনের সাথে বিচারের সম্মুখীন হতে হয়। কাজী আবদুল ওদুদ ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধে বলেন, ‘ইসলামের ইতিহাস বহুল পরিমাণে এক ব্যর্থতার ইতিহাস। হজরত মোহম্মদের সংযমের সাধনা তাঁর মৃত্যুর অল্প কিছুদিন পরই আরবের আদিম উচ্ছৃঙ্খলতার ও পারস্যের বিলাস-মত্ততার আবর্তে পড়ে বিপর্যয় ভোগ করেছিল। সে-বিপর্যয় সামলে নিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে বিকাশলাভ করবার অবসর খুবই কমই তার ঘটেছে।….একটা বড় সম্প্রদায় হিসেবে এই-ই মুসলমানের চরম দুর্ভাগ্য যে, তার যে সমস্ত পরমাত্মীয় পূর্ণাঙ্গ-মনুষ্য-প্রকৃতি নিয়ে গভীর শ্রদ্ধা ও গভীর আত্মবিশ্বাসের দৃষ্টিতে ইসলাম ও হজরত মোহম্মদের পানে চেয়েছেন, তাঁদের শান্তোজ্জ্বল দৃষ্টান্তের চাইতে, যাঁরা ইসলাম ও হজরত মোহম্মদের দীপ্তিতে অন্ধ হয়ে সম্মোহিত হয়ে আস্ফালন করেছেন তাঁদের প্রচণ্ডতা, তাকে আকৃষ্ট করেছে বেশি,- আর আজ পর্যন্ত সেই আকর্ষণই তার পক্ষে প্রবলতম।’
ওদুদের প্রকাশভঙ্গীর জমিন দার্শনিকতার প্রলেপে মোড়া, বলা যায় বিমূর্ত ঘরাণার চিত্রশিল্প। মেধাবী ও চর্চ্চিত মাথায় ধারণযোগ্য বিষয়, সাধারণের কাছে দুর্বোধ্য। কিন্তু হুসেনের প্রকাশভঙ্গী সহজবোধ্য ও আগুনমুখো প্রলয়ঙ্কারী, সব ছারখার করে দিতে চায়। তাই সমাজদ্রোহের অভিযোগে ওদুদকে যেখানে একবার বিচারের মুখোমুখী হতে হয়, সেখানে হুসেনকে তিনবার বিচারের কাঠগড়ায় উঠতে হয়। তারমধ্যে আহসান মঞ্জিলে প্রাণঘাতী হওয়ার সমূহ সম্ভবনা ছিল। কাজী আবদুল ওদুদ নিন্দুকদের এ মিথ্য অপবাদ কখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই ১৯৩৮ সালে নিরাপদ আশ্রয় কলিকাতায় চলে গেলেও আর জন্মভূমির প্রতি আস্তিক হওয়া সত্ত্বেও ১৯৪৭এর দেশভাগের পর ফিরে আসেন নি। এই অভিমানী ১৯৬৯ সালে কলিকাতায় দেহত্যাগ করেন। আর আবুল হুসেন সমাজদ্রোহের চরম অপমান মাথায় নিয়ে ১৯৩২ সালে কলিকাতার হাইকোর্টে পেশাজীবন শুরু করেন। তবে দুর্ভাগ্যবশতঃ ১৯৩৮ সালে অন্ত্রের ক্যান্সারে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুমুখে পতিত হন।
মুসলিম সাহিত্য সমাজের অন্যদের ভূমিকার মাঝে কাজী আনোয়ারুল কাদীরকে হুসেন-ওদুদের পথের সারথী লক্ষ করা যায়। তবে তাঁর একমাত্র প্রবন্ধে (সামাজিক গলদ) নিজ সম্প্রদায়ের প্রতি এমনতর উষ্মা লক্ষ করা যায়। কিন্তু তিনি ওদুদ-হুসেনের ব্যাপ্তির ছায়ার নিচে পড়ে যান। কাজী মোতাহার হোসেন-এর এমন উচ্চকিত বিক্ষোভ দেখা যায় না। তাই সমাজদ্রোহের তকমা ওদুদ-হুসেনের কপালেই সেঁটে থাকে, অন্যকে বিব্রত করে না।
মুসলিম সাহিত্য সমাজ বিশেষজ্ঞ ও বর্তমান সময়ের চিন্তক অশীতিপর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মহোদয় তাঁর বাসায় এক সাক্ষাৎকারে মতামতে বলেন যে, ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধে কাজী অবদুল ওদুদের উগ্রতা প্রকাশ পেয়েছে। আবুল হুসেন সম্পর্কে মতামতে বলেন, তিনি জেদি স্বভাবের লোক, সত্যনিষ্ঠা অপরিসীম, মনে করতেন জাতীয় জীবনের উন্নতির জন্য কাজ করতে হলে অবশ্যই প্রতিক্রিয়াশীল শক্তির মোকাবিলা করতে হবে। ভয়ে পিছিয়ে গেলে হবে না। চিন্তা-চর্চার চাইতে সংগঠনিক কর্মকাণ্ডের গুরুত্ব একটুও কম নয়, বরং বেশি। ব্যক্তিগত জীবনে তাঁর আত্মত্যাগের অনেক দৃষ্টান্ত আছে।








০ টি মন্তব্য