গালিবের হৃদয় হতে

ইনাম আল্লাহ খাঁ নাসির

তর্‌জমা : জাভেদ হুসেন

কাব্য লক্ষ্মী এক ভাষার দেউড়ি থেকে অন্য ভাষার দেউড়িতে যেতে লাগলে এত লম্বা ঘোমটা টানেন যে তার রূপের ঝিলিক মাত্র চোখে পড়ে। তাও যদি নিছক ভাষান্তর না হ’য়ে অনুবাদ হয়। উর্দুর ব্যাপারে যাদের কিঞ্চিত সম্যক অবগতি আছে, তাদের জানার কথা এর শব্দ সম্ভার, অলংকারের জাঁকজমক এত বেশি যে, তাকে আরেক ঘরে এনে বসালে খুব বেখাপ্পা দেখায়। কাব্যের আটসাঁট বাঁধুনিতে অলংকারের পরিমিতি থাকলেও গদ্যেতো তা অসহায় করে ফেলে।

নিচে যা আছে তা খুবই কাবিল হাতের গদ্য। এর বৈশিষ্ট্য হচ্ছে উর্দু বহু-শ্রুত কবি আসাদ আল্লাহ খান ‘গালিব’ এর কাব্যের সংকুচিত তফসির। মির্জা গালিব উর্দুর ‘মুশকিল পসন্দ’ মানে দুরুহ- প্রিয় কবি। ভাব, উপমা ব্যঞ্জন, গভীরতম দার্শনিক রাহসিকতা, আত্মপরিহাস আর তার সঙ্গে এসবের অদ্যাবধি অনতিক্রম্য দক্ষতার সাথে অসম্ভব শব্দ সংযম- তার কাব্য আস্বাদনে পাঠকের সক্রিয় সহযোগিতা দাবী করে। তার কারণে গালিবের কাব্য নিয়ে বিশ্লেষণ করার রেয়াজ উর্দুতে জারি আছে। ইনাম আল্লাহ খাঁ ‘নাসির’ সেই কাজে বিশেষ খ্যাতি পেয়েছেন তার ‘জানে গালিব’ গ্রন্থে যা এখানে গালিবের হৃদয় হতে- এ নামে অনুদিত। গালিব যে কারণে কবিতা লিখতেন তাকে তিনি কল্পনা করে নিয়েছেন গালিবের কোন দূরদিষ্ট প্রিয়া বলে। যার নাম জানা যায় না, যে কবির কাব্যে প্রকাশিত সব ভাবের ঘনীভূত রূপ। গালিবের কাব্যের প্রেক্ষাপটকে বিশ্লেষণের জন্য তিনি বড় চমৎকার উপায় বেছে নিয়েছেন। নাসির, গালিবের জবানিতে চিঠি লিখেছেন তার সেই প্রিয়ার কাছে, ‘জানে গালিব’ নাম দিয়ে। সেই চিঠি গুলোতে উর্দু কাব্যের বিষয় বেশ খোলতাই ভাবে উঠে এসেছে। প্রিয়ার নির্দয়তা, আশা দিয়ে আশা ভাঙা, সূক্ষ্ম আত্ম-পরিহাস, গভীর আত্ম-বেদনা, জগৎ সংসারের চেপে বসাতেও ধূলো হয়ে সূর্যে পৌঁছনোর স্পর্ধা- কী নেই এতে, তার ফাঁকে লাগসই কবিতার পংক্তি! সব মিলিয়ে একটা আরেক জগতের আহ্বান…….

তবে তৈরী হয়ে নিন্‌, কবি প্রথমেই বলবেন-
                                                                  ‘তেরি নিগাহ্‌-মে নিগাহ কা পর্দা পড়া হুয়া হ্যায়।’
                                                                        (তোমার দৃষ্টিতে দৃষ্টির পর্দা পড়ে আছে)
………………………ঐ পর্দা তুলে বসুন।

২ বর্ষ. ৪ সংখ্যা. আষাঢ় ১৪০৮. জুন ২০০১

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।