পলিথিন বিদ্যা

রুবাইয়াৎ আহমেদ

পলিথিন অবিনাশী ব’লে বোধ হয়
ছিঁড়ে খুঁড়ে ফেলে দাও
খণ্ডাংশে রয়ে যাবে আমূল স্বরূপ
আগুনে পোড়ালে সংকুচিত অবস্থানে
ছড়াবে আপন বিভা
মাটি চাপা পাড়ে গেলে
অজস্র বৎসর শেষে
খুঁজে পেতে পারো তার অটুট স্ফুরণ
পলিথিন ক্ষতিকারক মানি
তবু জীবন নড়বড়ে যদি
অভিযোজন সূত্র
পলিথিন হ’তে শেখা যেতে পারে

একটি প্রস্থান সঙ্গীত

কুয়াশা উপচানো ভোর, সমর্পিত দুই দেহ
খুলে যায় লোহার কপাট
ভেজা ভেজা মাঠ হ’য়ে ওঠে সবুজ চাদর
কুড়ানো শিউলী গচ্ছিত ঘাসে
মুখোমুখি ফুল হয়ে আছি
বহুদিনের লালিত সাধ পুরো ক’রে কবি
আমারি বাহুতে যখন তার শয্যাবনত ছবি
সবকিছু ভেঙে যায়
আমি তার গন্ধ মেখে, আমি তার স্মৃতি চেপে
পড়ে থাকি একা
গতিমান যানে চড়ে সে চলে যায় ইচ্ছায়, অনিচ্ছায়
আর প্রস্থানের শোক পুষে পুষে …
ধসে যায় পৃথিবী আমার

৫ বর্ষ. ৭ সংখ্যা. ফাল্গুন ১৪১০. ফেব্রুয়ারি ২০০৪

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।