পরিত্যক্ত সব পড়ে আছে অমরত্ব সমাধি করে

সুশান্ত হালদার

আমরা, আমাদের বাড়ি ভুলে গেছি,
জানালার ওপাশটায়
যেখানে বৃষ্টিতে ভিজে থাকতো
বর্ষার মালতী ঘেরা গন্ধ বকুল যুঁই চামেলি কিংবা বনফুল শেফালী
এদিকটায়…..
যেখানে সারমেয় ব্রুনো বাঁধা থাকে বারান্দায়
তারই সামনে বাবা ঘুমায় চিরনিদ্রায়
তারই হাত পাঁচ সামনে নারকেল গাছটা বেড়ে উঠলো অবলীলায়
অথচ বাবার নাতিদীর্ঘ পথটা ভুলে গেছি অকৃতজ্ঞতায়
যেখানে এখন বৃষ্টিতে বর্ষা নামে হামাগুড়ি কাদায়,
এমনই দিনে শ্রাবণের কথা খুব মনে পড়ে
চৈত্রের দমকা এলেই দৌড়ে পালাতো ভাদ্রমুখর আশ্বিনে
বৃষ্টিভেজা কদম জানতোই না
বৈশাখ তার তাণ্ডব চালাবে ক্ষ্যাপাটে চৈত্রের ফাল্গুনে

আমরা কি আমাদের পথ ভুলে গেছি কদম ভাসা বর্ষার জলে?
নাকি ডুবোচাঁদ জোছনার মিহি ছায়াতলে
যে নক্ষত্র জেগে আছে জীবনানন্দ বাসর করে
তারই আলোকোজ্জ্বল ছায়াপথ ধরে হেঁটে যাব সূর্য্য-অস্ত গোধুলিয়ার দিকে,
যেখানে ধূধূ মাঠ পরিত্যক্ত পড়ে আছে অবিনাশী সব অমরত্ব সমাধি করে!

অলৌকিক এভাবেই ঘটে

যদি অলৌকিক কিছু ঘটে যায়,
রাত্রির দ্বিপ্রহরে উঠে দেখলেন
শিয়রে দাঁড়িয়ে রবার্ট ক্লাইভ উমিচাঁদ রায় বল্লভ ঘসেটি,
চিৎকার করবেন নাকি ধীর শান্ত হয়ে জিজ্ঞেস করবেন –
এ চক্রান্তের কারণ কি?
যদি দেখেন
দূরে দাঁড়িয়ে সিরাজ
হতাশার জানালায় মুখ বাড়িয়ে দিয়েছে অতি সুক্ষ্ণ কৌশলে
মীর জাফর আলী খানের নির্লজ্জতায় মীরনের লাম্পট্য বেড়েছে দ্বিগুণ ‘গোপনে’
তাহলে বুঝবেন
আততায়ী আপনারই ছত্রছায়ায় বেড়ে উঠেছে সোহাগী-পল্লীতে

যদি অলৌকিক কিছু ঘটে যায়
প্রাতরাশ সেরেই দেখলেন
দুনিয়ার তামাম আরশোলা আপনারই টেবিলে
পাশেই টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে
বিপ্লবী নেতা চে’ মারা গেছে বলিভিয়া যুদ্ধে
অথচ আপনার স্ত্রী ফিসফিস করে বলছে
সে নাকি হো-চি-মিন কে দেখেছে আলফাডাঙ্গার ভূমিহীন অফিসে,
অলৌকিক এভাবেই ঘটে
যখন আমার হিস্যার চাতালে ভিনদেশী শকুন বসেছে হাত পা ছড়িয়ে ‘গোপনে’!

কতকিছুই তো ভেবেছিলাম

কতকিছুই তো ভেবেছিলাম
তোমার গন্তব্যে এসে দেখি
কে যেন রেখে গেছে ছড়িয়ে ছিটিয়ে মুঠোমুঠো সর্বনাশ

দূরে, নদীর কল্লোল বিমোহিত বনবীথি গ্রাম
যেখানে লাল নিশানায় লিখে এসেছি যুদ্ধোত্তর বাংলাদেশের নাম,
তুমি যাবে বলে
যুদ্ধের সব সাজসজ্জা ফেলে এসেছি আর্য ঘোষিত মুকুন্দ গ্রাম
অথচ চৈত্র খরায় পুড়ে যাওয়া বাংলায় আইভান দ্য টেরিবল দেখে গেলাম

কতকিছুই তো ভেবেছিলাম
বর্ষার এই বৃষ্টিমুখর দিনে তুমি যদি থাকতে
বেনারশী শাড়ি পরিয়ে সিরাজের লুৎফুন্নেসা করে রাখতাম!

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।