কোডিসিল
আরিফ হাসান
১.
মার্কস
এখন ধূলো হ’য়ে আকাশের ছাই
চিন্তার গভীরতা দান করে…..
শ্যামলিমা মেয়ে
আমার শব্দ শরীরে শুধু
মৃত্যুস্নানে যাবার আকুতি
দূরে…দেখা যায় তোমার গ্রাম
আকাশ
শুধু তোমার গায়ের ঘ্রাণ-নিঃশ্বাস
আমার শরীরে শরীরে
আদিগন্ত শুধু দেখা যায় তোমার শরীর
নয়নাভিরাম।
২.
কচি উদ্ভিদ শরীরে আজ তোমার শরীর
ঘুম ভেঙ্গে তুমি- আনমনা
তোমার অনভ্যস্ত শরীরে সাজ
শুধু পুরুষের মগজের ইন্দ্রজালের স্রোতে কাম
বর্ষা হ’য়ে ভেজায় তোমার শরীর
তুমি দুলে ওঠো
হেসে ওঠো
অতঃপর তোমার চোখে
আমার ছায়া
প্রেমাবেশে আমি আচ্ছন্ন হই
ধূলির শিশু আমি
কাদায় গড়াগড়ি খাই
বিরান রাতে ঠুকরে খাওয়া শকুনের চাঁদ-ভালবাসা
মাঝরাতে খেয়েছে স্বপ্নের বীজ……
প্লুত হই।
তোমার গর্ভজাত স্বপ্নেরা
চিৎকার করে গাল দিয়ে উঠে
মাঝরাতে……..
জারজ বলে আর্তনাদ করে
ঘৃণায় নীল হ’য়ে উঠে
তোমার নিরুত্তাপ স্তনে মুখ রেখে
আলো-আঁধারির বিবর্ণ সঙ্গমে
চলে যায় বিপ্রদাশ…… হিমাংসু
তবু…………
তুমি আর আমি
সঙ্গমে লিপ্ত হই
ওরা আসছে এবার
মিছিলে মিছিলে।
৩.
নিস্তরঙ্গ মগ্নজলে আমার স্পর্ধিত সাঁতার
উষ্ণ হ’য়ে উঠে জল; বন্ধ্যাত্বের গ্লানি একা একা
খুব কাছে
-একেবারে পষ্ট হ’য়ে উঠে; স্রোতে ভেসে ভেসে
শুধু নিকৃষ্ট সময়ের নূড়ি পাথর;
সময়ের অগণন পংক্তি হিম হ’য়ে আছে
মেঘের রঙ্ হ’য়ে শুধু গর্জায় উম্মাদ মাতালের মত
সব বুঝে ফেলা সাদা মেঘ দম্ভে দম্ভে
ছেঁড়া-খোঁড়া জমাট বাঁধে ইতস্তত;
ফেনিল নীলিমায়- কালো মেঘ
ভাঙ্গতে চায় শুধু;- এই শুধু সত্য
-একদিন এই মেঘ
বৃষ্টি হবে।
৪.
মোহ’র টানে
তোমারও কি ভাবনার বিলয় ঘটে এভাবে?
অন্ধকারের গর্ভে মিলায় মাতাল মনের চাওয়া
তোমারও কি ছায়া-শরীর হারিয়ে যায়?
কেন শুধু পুঁজির মতো প্রেম চেন?
প্রথাহীন কবিদের কামোচ্ছাসের মত
প্রথাহীন তুমি প্রথাকেই মেনে নাও বারবার
প্রথাহীন ওরাও যেমন পণ্যের কারবারী
তুমি হয়তো প্রশ্ন করবে- ‘আমিতো ওদের চিনিনা’
ঠিক যেমন ওরাও তোমাকে চেনে না;-
যেমনটি তুমিও তোমাকে চেনো না
শুধু ভাবনার বিলয় ঘটে যায়…….
ছায়া শরীর আঁধারে হারিয়ে যায়।
৫.
কাল তুমি চলে গিয়েছিলে
নক্ষত্রের মত মেঘে ঢেকে
মাদক চোখে অলৌকিক প্রেমের
বৈচিত্র ভরা ছিল চাঁদঘুম রাতে
গ্রহণ কালো আঁধারে মুখ বুঁজে ছিলে
কেবলই তুমি
-দিনের পর দিন এমনই করে চলে গেছে
আমাদের ধূসর মৃত্তিকায়;
-ধরা দিলে না কোনদিন
বড় সাধ জাগে- মেঘের ধাঁধার আঁড়াল ঠেলে
নিদ্রারত বাসনার পরিতৃপ্ত আলিঙ্গনে
উচ্চারণ করি সেই পুতঃ পবিত্র মন্ত্র…………।


০ টি মন্তব্য