কুচিলাপাতা
অপাংশু দেবনাথ
সুদৃশ্য কুচিলাপাতা যে লতায় ঝুলে থাকে সে অতি সামান্য
তার জন্য কোনো উৎসব গৃহ সেজে উঠে না
দু’হাত প্রসারিত করে এগিয়ে আসে না কেউ
অহংকারী মালা নিয়ে-
পিতার মালিকানাধীন বাড়ির আড়ালে বেড়ায়
লক লক করে এগিয়ে যায় অসীম সূর্যের দিকে
কোন এক প্রণয় বেদনায় রোজ বাড়ে
রোজই সবুজ হয় সাড়া দেয় সৌর প্রেমে
সবুজ সতেজ হাওয়া ছড়িয়ে দেয়
মানুষের বিষাক্ত হৃদয়ের ডায়াবেটিস রক্তে
নির্মম হাতে ইচ্ছে মতো ছিঁড়ে আনে আমার মা আমার বউ
অসহায় দাঁড়িয়ে দেখি তার উঠে দাঁড়ানোর বৈপ্লবীক দৃশ্য
কি এক হিসেবী পদক্ষেপে অভিমানু্যর মতো এগিয়ে যায়
বধ্য ভূমির ছিন্নমূলে মানুষের জন্য
সে জানে আবারও কোন এক বিষন্ন বিকেল
কাটা হবে কুচি কুচি করে তাকে
ক্লোরোফিল কণিকায় ঢালা হবে সু-স্বাদু ঘি
গরম তেলে ভাজা হবে
জীবনের এপিঠ ওপিঠ।


০ টি মন্তব্য