দাউ দাউ দাবানল আমাজনের টুঁটি চেপে ধরলে
উড়ে পালালো একঝাঁক স্কারলেট ম্যাকাউ—
আমাজানের সবচেয়ে সুন্দর পাখি
তাদের বর্ণিল পালকে আভা নয়, তিরতিরিয়ে কাঁপছিল দুরুদুরু ভয়
উড়ে-উড়ে, উড়ে-উড়ে, উড়ে-উড়ে
নিরাপদ আশ্রয় খুঁজতে খুজতে ওরা
এক সময় চলে এলো অস্ট্রেলিয়ার গহিন অরণ্যে
হায়! সেখানেও ধেয়ে এলো গনগনে হিংস্র আগুন
অগত্যা ক্লান্ত-শ্রান্ত ম্যাকাউ স্কারলেটের ঝাঁকটি
উড়াল দিল ইন্দোনেশিয়ার বনের দিকে
লেলিহান আগুন সেখানেও তাদের পিছু ধাওয়া করল
ত্রস্ত তারা দিগি¦দিক হারিয়ে অসীম আসমানে উঠে যেতে থাকলো
উড়তে-উড়তে, উড়তে-উড়তে, উড়তে-উড়তে
এক সময় তারা পৃথিবীর মায়া কাটিয়ে হারিয়ে গেল মহাশূন্যে
নিউজিল্যান্ডের আগ্নেয়গিরির উত্তপ্ত সাদা ধোঁয়া ঢেকে দিল তাদের শেষচিহ্ন
ধেয়ে আসে অকাল বন্যা, অকাল ঝড়, খড়ায় চৌচির হয় ফসলের মাঠ
সুন্দরবনের কেওড়া গাছের মগডালে উঠে কান খাড়া করে
চকিত চাউনিতে চারদিকে ঘাড় ঘুরিয়ে সুদূরে তাকাল
বিপন্ন এক কাঠবিড়ালি—
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়
দ্রিমিদ্রিমি শঙ্কা বেজে ওঠে তার ছোট্ট বুকটাতে
বাঁচতে পারবে তো চিত্রা হরিণ, বানর-সজারু
আর ডোরাকাটা বাঘ!
লোভের কুঠারে উজাড় বন, পৃথিবীর সিন্দুক ভরা খনিজ সম্পদ
শুধু আমাজন, সুন্দরবন নয়—
গোটা বিশ্ব আজ ভ্রুক্ষেপহীন নিষ্ঠুর শোষকের অবাধ লুণ্ঠনক্ষেত্র
মার্কিন ছত্রছায়ায় ইসরাইলের ফিলিস্তিনি নিধনের অবারিত বদ্ধভূমি
মানবিক বিবেক আজ একেবারেই অসহায়, প্রতিরোধের বীজমন্ত্র অবরুদ্ধ জটিল খাঁচায়
ভোগীদের এখন আর একটুও কষ্ট করতে হয় না বুদ্ধিওলাদের কেনা গোলাম বানাতে
পুঁজিবাদীদের কারসাজি, ব্যাংক লোপাট, নদী-বন-পাহাড় শিক্ষা প্রতিষ্ঠান জবরদখল
সামান্য গা-চুলকানির অস্বস্তি ছাড়া আর কিছু নয় আজ
উন্নয়নের জাঁকালো লেবাসে উল্টোপথে অন্ধকারের দিকে নতজানু হেঁটে চলে সভ্যতা
মানুষকে সামনে হাঁটিয়ে নেবেন বলে সাম্য-সমৃদ্ধির পথে নেমেছিলেন যারা
প্রগতির গান গেয়ে দুদ্দার ভাঙছিলেন বাধার দেয়াল
তারা এখন রিপ ভ্যান উইঙ্কিল হয়ে বেঘোরে ঘুমাচ্ছেন
নষ্ট হয়ে যাওয়া বুদ্ধির নাটের গুরুরা উচ্ছিষ্ট কুড়োতে ব্যস্ত বেলাজ
চৌদিক কিলবিলিয়ে বেড়ানো টিকটিকির কড়া নজরে বন্দি প্রতিটি অঙ্কুরোদ্গম
অবুঝ কন্যাশিশুকেও নিশ্ছিদ্র হিজাবে ঢেকে তৃপ্তির ঢেঁকুর তোলে ভণ্ডের মুরিদ
দেশের বন্দর আর সার্বভৌম সীমান্ত লুটেরাদের হাতে তুলে দেয় বিশ্ববাটপার
এ দৃশ্যপট বদলে দিতে হবে, হ-বে-ই
তাই—
আসুন, ঘরে ঘরে আবারো নারী জাগরণের ঝাণ্ডা ওড়ান মহীয়সী বেগম রোকেয়া
মওলানা ভাসানীর খামোশ হুঙ্কার আবারো ধসিয়ে দিক সাম্রাজ্যবাদের নড়বড়ে ভিত
প্রত্যেক যুবকের ধমনীতে টগবগিয়ে উঠুক আসাদের মৃত্যুঞ্জয়ী স্পর্ধিত বিদ্রোহ
প্রতিবাদে-প্রতিরোধে আদিগন্ত বিপ্লবের বীজ ছড়াক কোটি কোটি স্পর্ধিত শস্ত্রপাণি
আড়াল প্রভা
পাখা বেঁধে রাখা বেলেহাঁস তুমি
বুকের কাছের নরম পালক
তিরতিরিয়ে কাঁপে
পরিযায়ী আভা বারতা ছড়ালে কানে
অক্ষম ক্রোধে তড়পাতে থাকে
প্রতিবাদ ভোলা মন
কর্পূর মড়ক কপালের ভাঁজে ভাঁজে
হতাশা সাঁড়াশি টুঁটি চেপে চুপ রাখে
উদ্ভ্রান্ত তপ্ত ললাট
বদ্ধ কপাট
তবুও মুক্তপ্রাণ
জানলা গলে
চেয়ে
থাকে
অনিমেষ
তাকানোয় বোশেখের ধানমুঠ ছড়িয়ে
আশালতা দেখে নেয়—
ফুঁসে ওঠা সাপের ফণার নিচ দিয়ে
অবিচল হেঁটে যায় কর্মযজ্ঞে মেতে থাকা
সাহসী পিঁপড়ের সারি কাতারে কাতার
নুলো আক্ষেপ
স্বোপার্জিত অন্ধকারে একদা ফসলি ভূমি
তুলে দিয়েছিলে আলোখোর দানবের হাতে
ঘোড়ার আগে গাড়ি জুড়ে তালগোল তত্ত্বে
সওয়ার হয়ে প্রগতির যাত্রা শুরু করেছিলে
অন্ধকারের অনিবার্য বিপুল ফলনে আঁতকে উঠে
তা হলে এখন আর নুলো হাপিত্যেশ কেন ব্রাদার
যুদ্ধধ্বংসে প্রতিবাদী শিশু বাড়ে
আদিগন্ত ভাঙা কংক্রিট, সভ্যতার ধ্বংসস্তূপে
রক্তাক্ত ফিলিস্তিনি শিশু নির্লজ্জ বেহায়াপনার
চলমান নিষ্ঠুরতার গনগনে ছবি আঁকে
আবিশ্ব হীনম্মন্য কলের পুতুলেরা রা করে না মুখে
সুইচ টিপলে হাসতে থাকে হৃদয় পুড়ে গেলেও
ভেতরটা সব নিরেট পাথর মুখে ডিজিটাল হাসি
শুয়োরের আস্তাকুঁড়ে অনায়াসে হয় দানবতা বিল পাস
আকাশ ছেয়ে বাজ আর শকুনেরা দম্ভ-দাপটে ওড়ে
পরাস্ত মানবতার লাশে গজিয়ে ওঠে সর্বনাশের ঘাস
তবুও দেখো, এমন সময়েও বেড়ে ওঠে প্রতিবাদী শিশু


০ টি মন্তব্য