আর্তনাদ
পুনম বোস
সুনসান রাত―
পায়ে পায়ে হেঁটে গেছে বৃষ্টি গ্রামের ভিতর..
লোলুপ চোখ চকচকে টাকার মতো রেকি করে গেছে কাকভোরে
বেড়াল থাবায় এগিয়ে আসে মূহুর্ত ―
উল্লাসের বাজি ফাটতেই নেমে আসে সন্ধ্যা
নির্জন নক্ষত্র আলোয় পোষ্যদের ঘনঘন আর্তনাদ!
ঘরের দাওয়ায় জমে থাকা জলে কেঁপে কেঁপে ওঠে নিশ্বাস…
বিভৎস গর্জনে বিচূর্ণ কাঁচ, শরীর ভেদ করে গেছে বুলেট ―
রক্তমাখা শব্দ গুলো বিলাপ করতে করতে
ঢলে পড়ে অন্ধকারের অন্তর্ঘাতে!
নির্জন রাত হয়ত ফিরিয়ে দেবে একদিন প্রদাহের ইতিহাস।।
ভিটে
মুহুর্মুহু ফিরে আসে এককালীন বাতাস
প্রাচীন মন্থর কম্পন ভেদ করে যতদূর আকাশ দেখা যায়―
পান্ডুর মধ্যবর্তী গ্রীষ্ম,গাছেদের চূড়ায় করুণ আলো..
চিলে কোঠায় ফড়িং আলাপ,
হলুদ লাল পতঙ্গে সীমান্ত আঁধার―
পুরোনো পোস্ট অফিসের জংলা ভীড়ে সন্ধ্যা মালতী
ভুরভুরে মৃদু সুবাস রঙে রঙে―
বুনো গন্ধে ফিরে আসে
নির্ভাবনার অতীত―
ঠাকুরদার ভিটে, বেড়ার রান্নাঘর, পাশ দিয়ে ধনুকের মতো ফলবতী নারকেল গাছ,
পিছনে বিস্তৃত বাগান―
আম, সজনের ছায়ায় ক্রমশ গভীর হয় রাত
বুকের পাঁজরে।।
এক টুকরো চাঁদ
১.
সূর্যাস্ত অব্দি এঁকে চলা জন্ম লিপি সূত্র,
সেখানে বিশেষ কাটাকুটি না থাকলেও তীব্র ফিনকি জ্বালিয়ে ধুয়ে যায় একফালি চাঁদ!
২.
তাতে চাঁদের কোনো কষ্ট নেই..
তার কোনো মন্দ নেই, দ্বিধা নেই, নেই কোনো ধারালো ব্যাখ্যা―
আপাতত কসাই খানার পূতিগন্ধে ধীরে ধীরে ক্ষয়ে যেতে অভ্যস্ত―
৩.
ওখানে কাঁচা তাজা ঘ্রাণে প্রসব বেদনা আর বিচূর্ণ আয়নার উৎসব―
থমকে গেছে রাত এবং তার যাপন প্রলাপ―
আঙ্গুলে তোলা গ্রাসে মিশে যায় রক্ত করবীর মাধুর্য!
তারপর আরও একটা
সূর্যাস্ত―
তারপর আরও একটা গাণিতিক পরিভাষা―
তারপর এক টুকরো চাঁদ!
তারপর―
সময়ের গহ্বরে
গোধূলির আড় ভেঙে গর্ভিনী আঁধার
তুলসী প্রদীপে আধো ঘোমটায় মায়ের মুখ―
পাশে দীর্ঘ বারান্দা শেষে একটি কাঠের তোরণ,
তার ওপর পরিপাটি বিছানা, সময়ের অসুস্থতা―
মুখে চোখে উৎকন্ঠা অবিভাবকের;
সময়ের ফাঁক গলে ছুঁয়ে গেছে আতর..
বুকের ভিতর লজ্জা ঘ্রাণ!
সীমান্তে পূর্ণ চাঁদের চুম্বন,
মায়া আবছায়ায় নক্ষত্রময় আকাশ―
তবু অভিজ্ঞতার ভাঁজে ভাঁজে জমে উঠে মেঘ
শাসন ও
প্রশ্রয়ের অদৃশ্য দেয়াল, দিনান্তের ক্ষত-
উদ্বায়ু আতরে ছায়ামূর্তি, কথা বলে নিজেরই ছায়ায়
তীব্র আর্তনাদে ছুঁড়ে ফেলি অনাগত শব্দের অধিকার ;
একবার এসে দেখে যাও অনীহার খাপ খোলা তলোয়ার,
দূর গঞ্জের কুটির ভেদ করে স্নিগ্ধ আলোক শিখা…
অমা রাতে সহস্র আকাশ প্রদীপ সময়ের গহ্বরে।।
বিচ্ছেদ
প্রথম আষাঢ়,
ঋতু বর্ষা অথচ বৃষ্টিহীন
ভোরের সূর্য মাঝ বরাবর―
একটি মুহূর্ত এসে ধরা দেয়, গুচ্ছ ফুলের জলরং ছবি―
স্থবির হয়ে দেখি নির্লিপ্ত হাসি
বশীকরণে বুঁদ হয়ে আসা দুপুর নিয়ে আসে দমকা―
দিন কালের মতো পাল্টে যায় শব্দ জাত সংজ্ঞা,
চেয়ে দেখো, বিচ্ছেদ কেমন হেঁটে যায় পূর্ণ মর্যাদায়!
অপলক চোখে নির্ভরতার প্রেম, অতীত আর্তি
গোধূলির লাল আলোয় ছুটে আসা যুবকের কাহিনী―
বাঁধের ওপারে সূর্যাস্ত!
অশ্বক্ষুরের শব্দের সাথে মিশে যায় মিলনের বিচ্ছেদ।।


০ টি মন্তব্য