খরগোশ ও কচ্ছপের নতুন পুরাণ
দিবাকর মজুমদার
একে আমরা কার ভুল বলি?
শামুকের সততা কচ্ছপের মতো ধীর, আর
চতুর খরগোশ সততার করে না তোয়াক্কা
ফলে গল্পের চেয়ে ঢের অসম অসহ হয়
তাহাদের দৌড়; যাদের আদিম অবসাদ ভালো
লাগে, ঘুমের নগ্নতা ঘিরে রাখে যাহাদের স্নায়ূ,
বর্শার কাল গেলে পিস্তলের কালো নল
তারা তো হিসাবে রাখে না, গল্পের মতো
কখনো তাই হারে না খরগোশ, চতুরতা
মূখ্য হয়; সেই কৃষ্ণ হন যিনি চতুর চূড়ামনি
আর দাসের মতো মাথা নোয়, বিদূরের
দরিদ্র সততা, নাকি সততার রক্তে ছিল নির্বোধ
ঘুম? রক্তে যার ঝরে শুধু তুষারের কনা
নক্ষত্রের জ্বর দেখে সেই কাছিমের ছানা, তবু
পারে না খরগোশের বিজয় ভুলে যেতে,
পিঠেতে বর্ম আছে বুকে তো আর নাই
লুকিয়ে বুকের মাংস, ভাবে ভাবুক কাছিম
সব হার লজ্জার ব্যাপার, ছাড়ে না চোদার
হক্ কোন জয়ী ভদ্রলোক, অসৎ বিজয়
ভালো, কেননা পৃথিবী খেয়েছে আজ
নৈরাজ্যের মদ।


০ টি মন্তব্য