টেবিলের ওপর একা এক গ্লাস
শিশির আজম
তোমার দুঃখ নিয়ে তুমি বাঁচো
এই প্রার্থনা করি
একেকটা দাগ একেকটা রাস্তার প্রতি
অনুরাগ দেখায়
আর এটা সত্যি যে টেবিলের ওপর যখন কোন গ্লাস
একা পড়ে থাকে
একা
আর খালি
তখন যে কেউ সন্দেহ করবে
তবু এমন একজন থাকে যার ঘর বৃষ্টিতে ভেজে
সে
দাঁড়াবার রাস্তা খোঁজে কোথাও
কোন দুঃখের নিচে
বসতে চায়
তার রয়েছে
করতলে কয়েকটা মাত্র বৃষ্টির ফোঁটা
রাজধানী
আমার কবিতা দয়া তরে আপনি লিখে দেবেন না
আপনার পাখিটাকে আদর করে আমি তো খেতে দিইনি
তেমন ভালোবাসা দেখাইনি
ওকে মুখস্ত করাইনি ওয়াশিংটন আমেরিকার রাজধানী
ওয়াশিংটন আমেরিকার রাজধানী
ওয়াশিংটন আমেরিকার রাজধানী
ওহ্
মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে
ওয়াশিংটন কি বাংলাদেশেরও রাজধানী
আর হ্যা
সত্যি আপনার পাখি আছে কি না আমি জানি না
আমার আগ্নেয়গিরি আপনি কিনে নিতে পারবেন না
শস্যের বাজারে গিয়ে খালি হাতে ফিরে আসি
চাটবো শুকনো ঠোঁট
তার আগে ঘরের দেয়াল ঘেসে
তেতো সূর্য খিকখিক হাসে
সব ঋতুকেই আমি দেখতে পারি সমান চোখে
তবে কোন একজনের কথা যদি বলতেই হয়
তা বর্ষা
কেননা ও তোমাকে আমাকে সবাইকে স্নান করিয়ে দেয়
একই হাতে
একই জলে
কিন্তু আমাদের ও বলে না ওক্লাহোমায় নিগ্রো মেয়েটির
কনুই ও কপালের রক্ত
ও ধুয়ে দিয়ে এসেছে
আমি আমার সব রক্ত আর কষ ধুই না
আগ্নেয়গিরির পাশে
তেল নুন কেনার দরকার ছিল সেটা কিনে
থলে ফেলে
বেড়াতে বেরোই
জানি
পাখিরা এবার বোকা কাকতাড়ুয়াটিকে
ভোটে পাশ করিয়ে দেবে
নির্দিষ্ট কোন বইয়ের প্রতি
কোন জায়গার প্রতি
কোন টেবিলের প্রতি
আমার মোহ নেই
কেবল আমি দেখে রাখি আমার আগ্নেয়গিরি
হ্যা নিজেই ও বুঝে নিক ওর রক্ত
আর আগুন
কোথায় রাখবে ও
কার কাছে
অতি ব্যক্তিগত গল্প
কখনও তার কাছ থেকে আমি কি চেয়েছি কোন বিকেল
কোন নদী
হাসপাতালের বারান্দায় কুয়াশার কোন সূর্য
হয়তো তার কাছ থেকে পেয়েছি আমি সবকিছু
হ্যা সবকিছু
আর এটা আমি পারবো না অস্বীকার করতে
যদিও কোনটা বিকেল
কোনটা নদী
অথবা
কোনটা প্রাগৈতিহাসিক কুয়াশার সূর্য
এদের সম্পর্কে পরিস্কার কোন ধারণা আমার নেই
Perfect 10
জ্যামিতিক যে কোন সেনস্যুয়াল রূপনির্মিতিতে পারফেক্ট হতে নেই নাদিয়া
নাদিয়া কোমানিচি
এটা বিরক্তিকর আর অবশ্যই ভয়াবহ
এখন তুমি কেবল ১৪
আর এসময় কীভাবে পারো আনইভেন বার্স অথবা ব্যালান্স বিমে
নিজেকে নিরঙ্কুশ নিবেদন করতে অথবা আত্মনিয়ন্ত্রণবোধি
হ্যা
ম্যাগনেটিক স্যুইং
ক্লিয়ার ট্রানজিশান
শার্প ডিসমাউন্ট
1.00
মানে আমাদের ইলেক্ট্রনিক স্কোরবোর্ডও হতবিহ্বল
ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকেন তো তিনি ভাববেন
এটা তার প্রতি তোমার পরম নিষ্ঠতা
এই নিষ্ঠতা আসলে তোমার নিজের প্রতিও
কিন্তু তুমি কেবলই কিশোরী
কেন এই অশুদ্ধ জড়জগতে নিজেকে সম্পূর্ণ চিনে নিতে
তোমার এতোটা আকুতি
তোমার ম্যাজিক মুভমেন্ট ম্যানেজমেন্ট ভারসাম্য বা নিয়ন্ত্রণ
তোমার নিজের ওপর আর এই জগতের ওপর
ভয়ংকর
ভয়ংকর পারফেক্ট 10
সত্যি নির্মোহভাবে তুমি তো ভাবতে পারতে এটা জিমন্যাসটিক্স
কেবলই জিমন্যাসটিক্স
- নাদিয়া কোমানিচি (জন্ম ১৯৬১) একজন কিংবদন্তি রোমানিয়ান জিমন্যাস্ট, যিনি ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে মাত্র ১৪ বছর বয়সে প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক ইতিহাসে নিখুঁত ১০ (Perfect 10) স্কোর গড়ে ইতিহাস তৈরি করেন। তিনি তার কর্মজীবনে মোট ৫টি অলিম্পিক স্বর্ণপদকসহ ৯টি অলিম্পিক পদক এবং একাধিক বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয় করেছেন । – সম্পাদক


০ টি মন্তব্য