আলো হয়ে ওঠার প্রস্তুতি

হুমায়ূন আফতাব

অন্ধকারের বুকে জন্ম নিই
আলোর অনুবাদ খুঁজতে খুঁজতে ক্ষয় হয় অনন্ত ঋতু।
নিভে যাওয়া প্রদীপের ধোঁয়া
মনে হয় এই আমি, এই তুমি,
অদৃশ্য কাতরতা লিখে রাখে রাতের দেয়ালে।

এখানে শব্দগুলো কাঁপে;
ওদের শিরায় শিরায় ঝরছে শূন্যতার কালি।
আমার দাঁতাল দিগন্তে
তবু কোনো এক লাজুক তারা
ভেতরে নষ্ট স্বপ্নের খণ্ডে খণ্ডে নীল জীবন বুনে যায়।

অমানিশার ছাদ ভেঙে
একফোঁটা আলো যদি ফুটি—
তুমি কি শুনতে পাবে আমার নীরব হর্ষধ্বনি?
এই সমগ্র অন্ধকার
কেবল আলো হয়ে ওঠারই দীর্ঘ প্রস্তুতি।

আত্মকথা

নিজেই নিজেকে গুম করে রেখেছি অনন্তকাল
আয়নাঘরে বন্দি করেছি একাকীত্বের দহনে,
অপ্রকাশিত জীবনের অবশিষ্ট গল্প
অসমাপ্ত থেকে গেলো দীর্ঘ সময়।

কাউকে জানানো হয়নি নিজেকে—
বলা হয়নি আত্মকথা।
অদৃশ্য প্রদীপ জ্বলে অম্লান হাওয়ায়,
যেখানে শব্দও ভেসে যায় নীরব কান্নায়।

হায় জীবন! চিরন্তন লুকানো শব্দ গহীনে
নিজেকে আত্মগোপনে রেখে দিলাম পৃথিবী।

০ টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এড্রেস প্রকাশ করা হবে না। (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।